বিনোদন ডেস্ক ॥
তিনি ধক ধক গার্ল। তাঁর হাসির প্রেমে পড়েননি এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। পর্দায় তাঁর উপস্থিতি হাজার হাজার পুরুষের বুকে ঝড় তোলে। কিন্তু সেই মাধুরী দীক্ষিতের মনে ঝড় তুলেছিল কে?
একসময় মাধুরীর সঙ্গে নাম জড়িয়েছিল পর্দায় তাঁর সফলতম নায়কদেরও। কিন্তু নায়িকার পছন্দের তালিকায় নেই আনিল কাপুর বা সঞ্জয় দত্তও। মাধুরীর পছন্দ সিনে জগতের বাইরের এক মানুষ। তাঁকে দেশের অন্যতম সফল ক্রিকেটারও বলা যায়।
মাধুরীর পছন্দের মানুষটি আর কেউ নন, সুনীল গাভাস্কার। একবার এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন এ কথা। নিজের থেকে ১৮ বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, তখনই মুগ্ধ হতেন। শুধু তাই নয়, সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন সে কথাও নিজ মুখেই স্বীকার করেছিলেন নায়িকা। এমনকি সুনীলকে ‘সেক্সি’ তকমাও দিয়েছিলেন মাধুরী। সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তাঁর স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান।
