Skip to content

রাজধানীতে বৃষ্টিতে জলজট-যানজট

স্টাফ রিপোর্টার ॥
মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়কগুলোয় পরিবহনের গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে নগরজীবনে দুর্বিষহ ভোগান্তি নেমে আসে। এক ঘণ্টার দূরত্ব পাড়ি দিতে দুই থেকে তিন ঘণ্টা লেগে যায়।

বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীতে রিমঝিম বৃষ্টি শুরু হয়। এরপর আস্তে আস্তে মাঝারি থেকে মুষলধারে বৃষ্টি হয়।

তবে টিপটিপ করে বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে মিরপুর-১০, কালশি, ধানমণ্ডি-২৭, পুরান ঢাকার আলাউদ্দিন রোড, নাজিম উদ্দিন রোড, জুরাইন, দনিয়া, মাতুয়াইল, শান্তিনগর, বাড্ডা, রাজারবাগ, সচিবালয় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

খোঁজখবরে জানা যায়, বুধবারের বৃষ্টিতে উন্নয়ন কাজের নামে ক্ষতবিক্ষত সড়কগুলোয় চলাচলে নগরবাসী সীমাহীন ভোগান্তির শিকার হন। খানাখন্দ সড়কের গর্তে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা আটকে দুর্ঘটনাও ঘটেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা নজরুল ইসলাম যুগান্তরকে জানান, দুপুর ২টায় পল্টন থেকে কুড়িল চৌরাস্তার উদ্দেশে রওনা দেন। পৌঁছতে পৌনে ৫টা বাজে। অথচ স্বাভাবিক দিনে এ দূরত্ব পাড়ি দিতে সময় লাগে সর্বোচ্চ এক ঘণ্টা। সড়কে তীব্র যানজট ও জলজট বেশি সময় লাগার কারণ বলে জানান এই ভুক্তভোগী।

সরেজমিন দেখা যায়, নগরীর ফার্মগেট থেকে মিরপুর হয়ে উত্তরা আসার পথে ছিল দীর্ঘ সময় গাড়ির জট। একই চিত্র ছিল বাড্ডা-প্রগতি সরণি সড়েকেও।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের কারণে এ সড়কের অর্ধেকাংশ ইট, সুরকি, বালুর দখলে। সড়কের বিভিন্ন অংশ খুঁড়েও ফেলে রাখা হয়েছে। ফলে এ সড়কে চলাচলে সীমাহীন ভোগান্তি মাড়াতে হচ্ছে। গুলশান লেকপাড়ের সড়কগুলো কাদাপানি জমে মেঠোপথে পরিণত হয়েছে।

খোঁড়াখুঁড়ির কারণে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া, কালশি, মাজার রোড এলাকার সড়কগুলোও চলাচলের উপযোগিতা হারায়। এসব সড়কে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড় থেকে দুই ঘণ্টা নষ্ট হয়।

আর কুড়িল প্রগতি সরণি, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শান্তিনগর এলাকার প্রধান সড়কে সীমাহীন ভোগান্তি মাড়িয়ে চলাচল করতে হয়েছে। ভোগান্তির একই চিত্র দেখা গেছে মহানগরীর মোহাম্মদপুরের বছিলা সড়কে। সম্প্রতি ওই সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উন্নয়ন কাজ করলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না।

গাবতলী থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক, হাজারীবাগ কোম্পানীঘাট এলাকার সড়ক, হাজারীবাগ বেড়িবাঁধ সড়ক, বাবুবাজার বেড়িবাঁধ এলাকার সড়কে এখন গ্রামের মেঠোপথকে হার মানিয়েছে।

মিরপুরের বাসিন্দা ইকবাল হাসান যুগান্তরকে বলেন, বৃষ্টির কারণে মিরপুর সড়কগুলোর অবস্থা এতই খারাপ হয়েছে যে, চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। খোঁড়াখুঁড়ির কারণে সড়কগুলো কোথাও জলাবদ্ধ ও কোথাও কর্দমাক্ত হয়ে রয়েছে। ফলে এসব সড়কে দীর্ঘ যানজট মাড়িয়ে চলাচলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫