Skip to content

তাবলিগ জামায়াতে যোগ দিয়েছেন নায়ক অনন্ত জলিল

বিনোদন ডেস্ক ॥
বহুল আলোচিত নাজনীন আক্তার হ্যাপির (২২) পরে এবার অনন্ত জলিল। হ্যাপির পথ ধরেই ধর্মের দিকে ধাবিত হয়েছেন জলিল। দু’জনেই বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। এর মধ্যে হ্যাপি অল্প কিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু অনন্ত জলিল বেশ কিছু ছবি ও বিজ্ঞাপন করে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু চলচ্চিত্রের রূপালি পর্দার এই নায়ক এখন যোগ দিয়েছেন ধর্মকর্মে। এ বছরের শুরুতে তিনি পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন ওমরাহ করতে। ফিরে এসে যোগ দিয়েছেন তাবলিগ জামায়াতে। এর মাধ্যমে তিনি যুব সমাজকে ধর্মের পথে, ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিচ্ছেন। অনন্ত জলিলের ধর্মের দিকে এই আকর্ষণকে ফোকাস করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, এর আগে নাজনীন আক্তার হ্যাপি তাবলিগ জামায়াতে যোগ দেয়ার কথা বলেছিলেন। তবে এখনও তিনি এতে যোগ দিয়েছেন কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পেসার রুবেল হোসেনের সঙ্গে তার দহরম মহরম নিয়ে বহু আলোচনা। পরে রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। অভিযোগ আনেন, রুবেল তাকে ধর্ষণ করেছেন। এ মামলায় রুবেল গ্রেপ্তার হন। জামিন পান। পরে মামলা প্রত্যাহার করে নেন নাজনীন আক্তার হ্যাপি। এর পর দীর্ঘ সময় তিনি ছিলেন পর্দার আড়ালে। পরে জানানো হয়, তিনি ধর্মের পথে নেমেছেন। তাকে দেখা যায় বোরকা পরা অবস্থায়। তিনি তাবলিগ জামায়াতে যোগ দেয়ার পরিকল্পনার কথাও বলেছিলেন। এ নিয়ে দৈনিক মানবজমিন-এ রিপোর্ট প্রকাশ হয়েছে এর আগে। এএফপি’র সঙ্গে কথা বলেছেন অভিনেতা অনন্ত জলিল। বুধবার তিনি এএফপি’কে বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশের যুব সমাজকে তিনি ধর্মীয় বিশ্বাসের দিকে আহ্বান করবেন তার খ্যাতি বা জনপ্রিয়তাকে ব্যবহার করে। ওদিকে ২২ বছরের হ্যাপি ইসলামের রক্ষণশীল প্রচারক হওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। লেখক কাশেম বিন আবু বকরের একটি বইয়ে তিনি এসব নিয়ে কথা বলেছেন। ওই বইটি বেস্ট সেলার হয়েছে। তবে হ্যাপির পথে শেষ পর্যন্ত যাত্রা শুরু করেছেন অনন্ত জলিলও। গত মাসে তিনি রাজধানী ঢাকায় বের হন। তখন ৩৯ বছর বয়সী এই নায়ককে দেখার জন্য রাস্তায় ভিড় করেন তার হাজার হাজার ভক্ত। ইসলামিক পাগড়ি ও লম্বা পাঞ্জাবি পরা তার ছবি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়। তিনি এএফপি’কে বলেছেন, এরই মধ্যে যোগ দিয়েছেন তাবলিগ জামায়াতে। এর আগে এ বছরের শুরুতে তিনি ওমরাহ পালন করেছেন। অনন্ত জলিলের ভাষায়Ñ আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে পাঠানোর প্রধান কারণ হলো তার ইবাদত করা। আমি মক্কায় এটা শিখতে পেরেছি। যদি আমি যুব সমাজের মাঝে ইসলাম প্রচার করি তাহলে তারা আল্লাহকে মেনে চলবে। মহানবী হযরত মুহাম্মদ (স.)কে অনুসরণ করবে। দিনে ৫ বার নামাজ আদায় করবে। ওদিকে হ্যাপি চলচ্চিত্রে অভিনয় একেবারে ছেড়ে দিয়েছেন। কিন্তু অনন্ত জলিল বলেছেন, আগামী এক বছর তিনি ইসলাম প্রচারে ব্যবহার করবেন। পাশাপাশি এ সময়ে তিনি ছবিতে অভিনয় অব্যাহত রাখবেন। উল্লেখ্য, গার্মেন্ট ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর চলচ্চিত্রে অর্থ খরচ করেন। তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। ৬টি ছবি তৈরি করেছেন তিনি। এর মধ্যে ২০১০ সালে ‘খোঁজ’ ছবিতে অভিনয় করেন। এতে তিনি একটি গোয়েন্দা সংস্থার এজেন্টের ভূমিকায় অভিনয় করেন। মানবজমিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫