স্পোর্টস ডেস্ক ॥
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত নাসির হোসেন। সীমিত ওভারের ক্রিকেটে মাঝেমধ্যে সুযোগ পেলেও দুই বছরের বেশি সময় টেস্ট ক্রিকেটের বাইরে তিনি। অবশ্য আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে রয়েছেন তিনি। সেই সুবাদে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে দারুণ একটি ইনিংস খেলে নির্বাচকদের দৃষ্টি কাড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে ম্যাচে ভালো করে নির্বাচকদের দৃষ্টি কাড়ার মোটেও আগ্রহ ছিল না বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল নিজেদের মধ্যে ভাগ হয়ে তিনদিনের একটি ম্যাচ খেলছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে নাসির ৬২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তাঁর ব্যাট হাতের নৈপুণ্য দৃষ্টি কেড়েছে সবারই।
দিনশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাসির। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন হয়েছে আমি টেস্ট ম্যাচ খেলিনি। তাই বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো খেলে নজর কাড়তে হবে, এমন ভাবনা আমার ছিল না। আমি স্রেফ উপভোগ করছি। তবে সেঞ্চুরি হলে ভালো লাগত।’
অবশ্য মানসিক দৃঢ়তা থাকলে ভবিষ্যতে জাতীয় দলে ফেরা অসম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে ওঠা-নামা থাকে। কখনো ভালো, কখনো খারাপ সময় আসতেই পারে। তবে মানসিক দৃঢ়তা থাকলে ভবিষ্যতে জাতীয় দলে ফেরা কঠিন নয়।’ এনটিভি অনলাইন
