Skip to content

নয়াপল্টনে ফখরুল > সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিএনপি

স্টাফ রিপোর্টার ॥

বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি না করে আমাদেরকে (বিএনপি) মোকাবেলা করতে রাজপথে আসুন বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের জন্য বিচারপতি ও বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে। বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে রাজপথে আসুন। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। ক্ষমতার চেয়ারে বসে এবং চারপাশে নিরাপত্তা বেষ্টনী রেখে অনেক কথা বলা যায়। ক্ষমতা ছেড়ে নেমে আসুন দেখুন দেশের জনগণ কার পাশে দাঁড়ায়?’

রবিবার (১৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন সেটা কোনও রাজনৈতিক ভাষা নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ভাষাও নয়। এ ভাষা হচ্ছে সন্ত্রাস ও সহিংস। অবশ্য এই ভাষায় কথা বলা তাদের চরিত্রও বটে।

প্রধান বিচারপতি এস কে সিনহার বাসায় নৈশভোজে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অংশ নেয়া নিয়ে গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত। গতকাল রাতে প্রধান বিচারপতি এস কে সিনহা’র বাসায় গিয়ে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং সেখানে তিনি নৈশভোজনে অংশ নিয়েছেন। এতে আমরা বিস্মিত হয়েছি। কারণ ইতোমধ্যে এরাই (আওয়ামী লীগ) প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে সন্ত্রাস ও সংঘাতের ভাষায় কথা বলেছে।’

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। কারণ খালেদা জিয়া কারও সাথে আপোষ করেন না।’

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে এখনই সময় এই ভোটারবিহীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার, মুখ খোলার।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫