Skip to content

পাকিস্তানের উদাহরণটি মিডিয়ায় এসেছে ভুলভাবে: অ্যাটর্নি জেনারেল

বাংলাভূমি ডেস্ক ॥
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা কি উত্তপ্ত করছি, আপনারাই তো উত্তপ্ত করছেন, পাকিস্তানে রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী চলে গেলেন। আমাকে নানা রকম এজেন্সি থেকে ফোন দেয়া হচ্ছে। অনেক মিডিয়ায় এসেছে আমি প্রধানমন্ত্রীকে ছুড়ে ফেলে দিতে পারব। এটা ঠিক না’।

অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত শুনানিকালে রবিবার প্রধান বিচারপিত এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।

পাকিস্তানের উদাহরণ টেনে প্রধান বিচারপতির বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে জানিয়েছেন মাহবুবে আলম বলেন, ‘পাকিস্তানের উদাহরণ টেনে প্রধান বিচারপতির কথা মিডিয়ায় এসেছে ভুলভাবে। সেদিন অধস্তন আদালতের বিচারকদের রুলস ফ্রেমের শুনানি ছিল। আমরা অনেক সময় নিয়েছি। আমি বললাম বাইরের অবস্থা অনেক উত্তপ্ত। লম্বা করে সময় দেন। উত্তপ্ততা কমলে এর একটা সমাধান হবে।’

‘উনি (প্রধান বিচারপতি) বললেন, ‘আমরা কি উত্তপ্ত করছি, আপনারাই তো উত্তপ্ত করছেন, পাকিস্তানে রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী চলে গেলেন। আমাকে নানা রকম এজেন্সি থেকে ফোন দেয়া হচ্ছে। অনেক মিডিয়ায় এসেছে আমি প্রধানমন্ত্রীকে ছুড়ে ফেলে দিতে পারব। এটা ঠিক না’।

ওই সভায় বর্তমান পরিস্থিতে ধীরস্থিরভাবে এগোনোর পরামর্শ দিয়ে মাহবুবে আলম বলেন, ‘নইলে এই সুযোগে বিএনপি ফায়দা লুটবে। বিএনপির কাছে আর কোনো অস্ত্র নেই। বিএনপি আমলে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের বিচার করা যায়নি। কীভাবে যেন আমাদের মধ্যে তাদের বন্ধু রয়েছে।’

এর আগে আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে ফজলে নূর তাপস বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেলকে বলতে চাই, আপনার ওই সময় সঙ্গে সঙ্গে এই বক্তব্যের প্রতিবাদ করা উচিৎ ছিল। আপনি ওই সময় প্রধান বিচারপতিকে ওই বক্তব্য প্রত্যাহার করতে বলতেন। প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীকে থ্রেট করেন, আর আপনি বসে বসে শোনেন! আপনার পদত্যাগ করা উচিৎ ছিল।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতির রবিবারের বক্তব্য নিয়ে গণমাধ্যমের সংবাদে এসেছে যে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের পর সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের সাম্প্রতিক ঘটনাটি তুলে ধরে বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, তারা অনেক ধৈর্য ধরেছেন। পাকিস্তানের উদাহরণ দেয়ায় আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা হবে না। পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, তার সঙ্গে তুলনা কেন?’

আরটিএনএন থেকে নেয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫