Skip to content

ক্রসফায়ারে যুবদল নেতা নিহত : পুলিশের দাবি ডাকাত

বাংলাভূমি ডেস্ক ॥

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মো. আলম (৩০ বছর)। তিনি বিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের দাসেগো বাগানে এ ঘটনা ঘটে।

নিহত আলম ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। অপর দিকে তিনি আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক।

এলাকাবাসী জানায়, গত ২২ আগস্ট মঙ্গলবার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের বালুচরা গ্রামের কোরষ পাটোয়ারী বাড়ির আবুল কাশেমের একমাত্র ছেলে আলম রাতে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। এসময় সাদা পোশাকদারী লোকজন তাকে চোখ বেঁধে গাড়িতে তুলে নেয়। এরপর থেকে তার পরিবারের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নিয়ে গেছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করে। পুলিশ প্রথমে বিষয়টি অস্বীকার করে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ডাকাত আলমকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারের জন্য দাসপাড়া গ্রামের দাসে’গো বাগানে অভিযান চালাতে গেলে আলমের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় ডাকাত আলম।

এছাড়া বন্দুকযুদ্ধের সময় পুলিশের পাঁচ সদস্যও আহত হয় বলে দাবি করে পুলিশ। আহত আলমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, তিনটি ছোরা, পাঁচটি রড ও গিরিল কাটার উদ্ধারের কথা জানায় পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, নিহত আলমের বিরুদ্ধে থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।

এদিকে নিহতের পরিবারের দাবি, গত মঙ্গলবার সকালে আলমকে ঘুম থেকে ডেকে আটক করে নিয়ে যায় পুলিশ। বুধবার রাতে তাকে ক্রসফায়ারে হত্যা করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫