Skip to content

৪ সেপ্টেম্বর পর্যন্ত সওজ কর্মীদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার ॥

ঈদের ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) কর্মীদের ছুটি ৪ সেপ্টেম্বর (ঈদের তৃতীয় দিন) পর্যন্ত বাতিল করা হয়েছে।

ছুটি বাতিল করে রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

আগামী ২ সেপ্টেম্বর মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারহানা রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, চলমান বন্যা ও বৃষ্টি এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের মহাসড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ অধিদফতরের সব গ্রেডের কর্মচারীদের ছুটি ২৭ আগস্ট থেকে ঈদুল আজহার পরবর্তী তিনদিন পর্যন্ত বাতিল করা হলো।

২৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃষ্টি চলাকালে রাস্তা মেরামতে প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।আমার মনে হয় এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এজন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সঙ্গে কথা হয়েছে।

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-মধ্যাঞ্চলে বন্যা দেখা দেয়। এখন বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) শনিবারের তথ্য অনুযায়ী বন্যায় দেশের প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫