Skip to content

শেষ সময়ের গোলে হার এড়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক ॥

দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শেষ সময়ে নতুন তারকা মার্কো আসেনসিওর গোলে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জিদানের শিষ্যরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে ভ্যালেন্সিয়ার রক্ষণে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মার্কো আসেনসিও। ডি-বক্সের বাইরে থেকে দুজনের মধ্যে দিয়ে গোল মুখে জোরালো শট নেন আসেনসিও। তরুণ এই ফরোয়ার্ডের শট জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই যেন করার ছিল না গোলরক্ষকের।

তবে আট মিনিট পরেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। বাঁ-দিক থেকে ডিফেন্ডার লাতোর ক্রসে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের। ম্যাচের ৩৭ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল। তবে পাল্টা আক্রমণে বেনজেমার শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৭৭ মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্রায় ১৬ গজ দূর থেকে নিচু শটে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কোনদোগবিয়া। পাঁচ মিনিট পর দলকে আবার সমতায় ফেরান আসেনসিও। ডান দিক থেকে কোনাকুনি ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের শেষ দিকে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন বেনজামা। আসেনসিওর জোরালো শট এক জনের পায়ে লাগার পর ফাঁকায় পেয়ে যান বেনজেমা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন ফরাসি এই তারকা। আর যোগ করা সময়ে বেনজেমার আরেকটি হেড পোস্টে লাগলে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫