আন্তর্জাতিক ডেস্ক ॥
হুরিয়ত নেতাদের জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কাছ থেকে রুপি নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ভারতের কাশ্মিরী ব্যবসায়ী জহুর ওয়াতালিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছিল এনআইএ।
দিল্লির জেলা জজ পুনম এ বাম্বা সোমবার ইন চেম্বার শুনানিতে আরও ৫ দিন ওয়াতালিকে তাদের হেফাজতে পাঠালেন। ১৭ আগস্ট গ্রেফতার হন ওয়াতালি। তাঁর ও অন্যান্য সন্দেহভাজনদের একাধিক বাড়িতে তল্লাসি চালিয়েছিল এজেন্সি। তাঁর ১০দিনের এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হয় আজই।
গত ৩ জুন এক বিবৃতিতে এনআইএ জানায়, তারা শ্রীনগরে ওয়াতালির বাসভবনে অভিযান চালিয়ে একাধিক আর্থিক লেনদেন ও জমি সংক্রান্ত ডিলের নথিপত্র পেয়েছে তারা। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছ থেকে নেওয়া নগদ অর্থের নথি সহ একাধিক সন্দেহজনক কাগজপত্রও মিলেছে।
প্রসঙ্গত, এনআইএ এর আগে এ ব্যাপারে গ্রেফতার করেছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শা গিলানির জামাই আলতাফ আহমেদ শা ও আরও ৬ জনকে।
