আন্তর্জাতিক ডেস্ক ॥
রোহিঙ্গাদের নিয়ে ভারতের অবস্থানের পরিপ্রেক্ষিতে দেশটির সমালোচনা করেছে জাতিসংঘ। সোমবার (১১ সেপ্টেম্বর) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন নয়াদিল্লির সমালোচনা করেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ৪০ হাজার রোহিঙ্গাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছে।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালাচ্ছে। এই সময়ে রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে নয়াদিল্লির সমালোচনা করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। জেইদ রাদ-আল হুসেইনের এই সমালোচনার বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সাম্প্রদায়িকতা বৃদ্ধি, জাতিগত সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে চলতি বছরের শুরুর দিকেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছিল।
