স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমারের গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারের গণহত্যা বন্ধের দাবিতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারের সংকটের বিষয়ে যে অনন্য নজির সৃষ্টি করেছে তা বিশ্বে বিরল। মানবতার জন্যেই বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল। সম্প্রতি মিয়ানমারের মানবিক বিপর্যয় সভ্যতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ১৯৭১ সালে এই ধরনের ঘটনার শিকার হয়েছিল বলে এর কষ্ট আমরা বুঝি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে সাময়িকভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের বসবাসের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছেন। তিনি মিয়ানমারের গণহত্যা বন্ধ এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সেদেশে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুর রাজ্জাক শাকিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক ও আওয়ামী লীগ নেতা এম.এ করিম প্রমুখ।
