বাংলাভূমি ডেস্ক ॥
ধীর গতিতে চলছে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন। ছয় দিনে নিবন্ধন হয়েছে মাত্র সাড়ে তিন হাজার শরণার্থীর। এ অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার পরিকল্পনা বাস্তবায়ন।
এখন কিছুটা বেশি সময় লাগছে বটে, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সরকারের কর্মকর্তারা।
সাম্প্রতিক সহিংসতা শুরুর পর মিয়ানমার থেকে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। এরইমধ্যে চার লাখে পৌঁছেছে শরণার্থীর সংখ্যা। ত্রাণ বিতরণ, আশ্রয় শিবিরে স্থানান্তরসহ নিরাপত্তা ইস্যুতে বিশৃঙ্খলা এড়াতে নতুন আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। ১৫টি কেন্দ্রে কার্যক্রম পরিচালনার কথা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন চলছে দুটি কেন্দ্রে। আর ছয় দিনে নিবন্ধন হয়েছে মাত্র সাড়ে তিন হাজার রোহিঙ্গার। আছে দীর্ঘ লাইনে ভোগান্তির অভিযোগও।
কর্মকর্তারা বলছেন, নিবন্ধন কার্যক্রম চালাতে গিয়ে প্রাথমিক নানা জটিলতায় পড়ার কথা। তবে, শিগগিরই বুথের সংখ্যা বাড়িয়ে কাজে গতি আনা হবে।
এছাড়াও, বিক্ষিপ্ত অবস্থায় থাকা রোহিঙ্গাদের কিছুটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আনতে পারলে নিবন্ধন কার্যক্রম সহজ হবে বলে মনে করছেন কর্মকর্তারা।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি
