বাংলাভূমি ডেস্ক ॥
রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। বাইতুল মোকাররম থেকে মিছিলটি শান্তিনগর এলে পুলিশি বাধার মুখে বাঞ্চাল হয়ে যায়। দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি মিয়ানমার দূতাবাসের দিকে রওনা হয়।
সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকেই বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রোহিঙ্গা হত্যা বন্ধ করো, মানবতা রক্ষা করো ইত্যাদি স্লোগানে নেতা কর্মীরা পল্টন ও আশপাশের এলাকা মুখর করে রেখেছেন।
জানা যায়, মিয়ানমার দূতাবাস অভিমুখী মিছিল পুলিশ শান্তিনগরে আটকে দিলে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমির আল্লামা নূর হোসাইন কাসেমীর সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। তিনি আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি করার কথা জানান।
এদিকে দূতাবাস অভিমুখী মিছিলে পুলিশ বাধা দিলে নেতারা তাৎক্ষণিকভাবে কয়েকজন প্রতিনিধি মিয়ানমার দূতাবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের রাষ্ট্রদূর বরাবর প্রতিবাদ লিপি পাঠাবেন।
প্রতিনিধি দলে রয়েছেন, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, প্রমুখ।
