Skip to content

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

বাংলাভূমি ডেস্ক ॥
রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়কালে ট্রাম্প এ কথা জানান। পরে হোটেল গ্র্যান্ড হায়াতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ কথা জানান।

দুই নেতার কুশল বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়টি উঠে আসে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের অর্থনীতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভালো করছে। তাতে তিনি (ট্রাম্প) সন্তোষ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন মিয়ানমারের ইস্যুতে আমরা আপনাদের সঙ্গে আছি। এটা কিভাবে সমাধান করা যায় আমরা দেখবো

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ট্রাম্পের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটের বিষয়টি বিস্তারিত অবহিত করেন। মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার এ জাতিগোষ্ঠীর অবস্থা বাংলাদেশে এসে দেখার জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান তিনি।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন আজ শুরু হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় (নিউইয়র্ক সময় সকাল ৯টা) অধিবেশন বসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বরাবরের মতো বাংলায় ভাষণ দেবেন। এর আগে ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের একটি সভায়ও বক্তব্য দেবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পরপরই বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এছাড়া একইদিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়াও জাতিসংঘ বৈঠকের ফাঁকে ফাঁকে বন্ধুপ্রতিম দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, সন্ত্রাসবাদ নির্মূল, শান্তি ও সম্প্রীতি, তথ্যপ্রযুক্তি, বিশুদ্ধ পানীয় জল, অভিবাসন ইত্যাদি ইস্যুতেও বেশ কয়েকটি বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, প্রধানমন্ত্রীর এবারের সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। জাতিসংঘের মূল অধিবেশনে এবং সাইডলাইন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জোরালো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রয়াস এরই মধ্যে মানবিকতা ও শান্তির ক্ষেত্রে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৯৪ রাষ্ট্রের শীর্ষ নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিচ্ছেন। অধিবেশন চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫