বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে বসবাসকারী পুরানো রোহিঙ্গা কিংবা দালালদের সাহায্যে কক্সবাজার শহরের আবাসিক এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় নেওয়ার পাশাপাশি পাহাড় ও জঙ্গল কেটে অস্থায়ী বসতি গড়ে তুলছে মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা।
কক্সবাজার পৌর মেয়র জানান, নতুন করে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা।
কক্সবাজার শহরের বৃহত্তর পাহাড়তলী, সমিতি পাড়া, কলাতলীসহ ২০ টিরও বেশি পাহাড়ী এলাকায় আশ্রয় নিয়েছে প্রায় ৪০ হাজারের বেশি নতুন রোহিঙ্গারা।
আর গত এক সপ্তাহে কক্সবাজার শহরের ইসলামপুর পাহাড়ী এলাকায় আশ্রয় নিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ৫০০ রোহিঙ্গা। স্থান, খাদ্য আর বিশুদ্ধ পানির অভাবসহ বিভিন্ন প্রয়োজনে ক্যাম্প থেকে বেরিয়ে শহরমূখী হচ্ছে তারা।
পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের নিয়ে নিরাপত্তাজনিত শঙ্কায় স্থানীয়রা। তারা জানান, দালাল এবং পুরানো রোহিঙ্গাদের সাহায্যেই তারা শহরসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
এদিকে কক্সবাজারের ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বিদেশ থেকে অনেক পর্যটক এখানে আসে। তাই তাদের নিরাপত্তাসহ সবার জন্যই রোহিঙ্গাদের এভাবে বসবাস করাটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এভাবে বসবাস করলে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করাটা পুলিশের পক্ষে সম্ভব হবে না।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, টেকনাফ ও উখিয়া থেকে রোহিঙ্গারা যাতে সারা দেশে ছড়িয়ে যেতে না পারে তার জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনসহ সবরোহিঙ্গাকে ক্যাম্পে ফিরিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। -সূত্র: সময় টিভি।
