Skip to content

লুইস-জোসেফ দাপটের পরও উইন্ডিজের হার

স্পোর্টস ডেস্ক ॥

ওয়েস্ট ইন্ডিজের জয় কি কেড়ে নিলো বৃষ্টি, নাকি নিজেদের দোষেই কপাল পুড়ল ক্যারিবীয়দের? ক্রিকেটের এক সময়ের রাজারা নিজেদের দোষটা ঢাকতে পারবে না কিছুতেই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এভিন লুইস আর আলজেরি জোসেফের চোখধাঁধানো পারফম্যান্স তারা জলাঞ্জলি দিয়েছে শেষ সময়ের লাগামছাড়া বোলিংয়ে।

বৃষ্টির আনাগোনায় একটা সময় হারের শংকায় থাকা ইংল্যান্ড কিয়া ওভালে সিরিজের চতুর্থ ওয়ানডেটা ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬ রানে জিতে নিয়েছে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই পকেটে পুরেছে উইয়ন মরগানের দল।

২-০ ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাঁচা-মরার লড়াইয়ে জয় পেতে চেষ্টার ত্রুটি রাখেনি সফরকারিরা। শুরুর দিকে ৩৩ রানে ৩ উইকেট হারালেও এভিন লুইসের দানবীয় ব্যাটিংয়ে ৩৫৫ রানের পাহাড়সমান পুঁজি পেয়েছিল জেসন হোল্ডারের দল।

দল হারলেও অবিশ্বাস্য এক ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখেয়ে ফেলেছেন লুইস। জ্যাক বলের ইয়র্কারে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ১৩০ বলে ১৭ চার আর ৭টি ছক্কায় ১৭৬ রান করেন এই ওপেনার। আহত হয়ে অবসরে যাওয়ার আগে ওয়ানডেতে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।

৩৫৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা বেশ ভালো ছিল। তবে আলজেরি জোসেফের পেসে একটা সময় ১৮১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল স্বাগতিকরা। এমনকি বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার দুই ওভার আগেও পার স্কোরে অনেকটাই পিছিয়ে ছিল তারা।

৩৪তম ওভারে এসে মিগুয়েল কামিন্স দিয়েছেন ১৫ রান। জেরোম টেলরের পরের ওভারে আরও ১১ রান নিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। পাঁচ উইকেট পাওয়া আলজেরি জোসেফ ৩৬তম ওভারের প্রথম বলে ২ রান দেয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।

ইংল্যান্ডের পক্ষে জেসন রয় করেন ৬৬ বলে ৮৪ রান। শেষদিকে জস বাটলারের ৩৫ বলে ৪৩ আর মঈন আলীর ২৫ বলে ৪৮ রানের ঝড়ে ডার্কওয়ার্থ লুইস বাধা পেরিয়ে যায় স্বাগতিক দল।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫