Skip to content

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় ৮ সিদ্ধান্ত

বাংলাভূমি ডেস্ক ॥
গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আট সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্তগুলোর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচারপতি, নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত হাউস গার্ড পুলিশ সদস্যদের থাকার জন্য শেড নির্মাণ করতে হবে। অন্যদিকে নিরাপত্তায় ব্যবহৃত এস্কর্ট গাড়ি (পুলিশ প্রটেকশন গাড়ি) নিজ নিজ মন্ত্রণালয়কে সরবরাহ করতে হবে।

সম্প্রতি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৮ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশকে গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বাসস্থানে হাউস গার্ডের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পুলিশের প্রতিনিধির উপস্থিতিতে একটি প্রাক্কলন প্রস্তুত করে নিরাপদ আবাসন তৈরির জন্য উদ্যোগ নেবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ একই কার্যক্রম গ্রহণের জন্য তৎপর থাকবে। যেসব বিশিষ্ট ব্যক্তির বাসস্থান নিজস্ব মালিকানাধীন বা ভাড়া করা ভবনে রয়েছে, সেখানে ডিএমপির প্রতিনিধির উপস্থিতিতে হাউস গার্ডের জন্য আবাসন তৈরির ব্যবস্থা নিতে হবে। এ প্রক্রিয়া গতিশীল করতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ উদ্যোগ নেবে।

অন্যদিকে গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের টিওঅ্যান্ডইতে ড্রাইভারসহ গাড়ি অন্তর্ভুক্তকরণের জন্য প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়/অর্থ বিভাগে পাঠাবে। এ ছাড়া চলতি ২০১৭-১৮ অর্থবছরে ডাবল কেবিনের গাড়ি ক্রয় করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ প্রতিটি প্রস্তাবনা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে (ওএওএম অনুবিভাগের) ফরম ডাউনলোড করে গাড়ি টিওঅ্যান্ডইভুক্তকরণে প্রস্তাবনা জরুরি ভিত্তিতে সব মন্ত্রণালয়/সংস্থা উদ্যোগ নেবে।

জানা গেছে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তির বাসভবনে পুলিশ হাউস গার্ড থাকার জন্য উপযোগী শেড নেই। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ডিউটি করা কষ্টসাধ্য হচ্ছে। সভায় পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের থাকার জন্য উপযোগী শেড নির্মাণের পরামর্শ দেওয়া হয়। যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবনে উপযোগী শেড নেই তার একটি তালিকাও সভায় উপস্থাপন করা হয় পুলিশের পক্ষ থেকে। সম্প্রতি ঢাকার পুলিশ কমিশনার গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বাসভবন পরিদর্শনে গিয়ে দেখতে পান বেশিরভাগ বাসভবনে কর্তব্যরত পুলিশ সদস্যদের অনেক কষ্টে থাকতে হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় ব্যবহৃত পুলিশ এস্কর্ট গাড়িরও সংকট রয়েছে পুলিশের। এর পরই পুলিশ কমিশনার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। তার চিঠির আলোকেই কিছু দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সূত্র : আামাদের সময়

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫