বাংলাভূমি ডেস্ক ॥
অধ:স্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশে কী সমস্যা আছে তা নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন ও এর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আবেদনটির শুনানি শেষে গেজেট প্রকাশে পরবর্তী শুনানির জন্য সময় আবেদন মঞ্জুর করে ৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
এর আগে অধ:স্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর তলব করেছিলেন আপিল বিভাগ।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
পরিবর্তন ডট কম থেকে নেয়া
