Skip to content

ছুটির মেয়াদ বৃদ্ধি পেল প্রধান বিচারপতির

স্টাফ রিপোর্টার ॥
ছুটির মেয়াদ বৃদ্ধি পেলো প্রধান বিচারপতি এস কে সিনহার। এক মাসের পর এখন ওই ছুটির মেয়াদ আরো দশ দিন বৃদ্ধি করে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ছুটির মেয়াদ বৃদ্ধি করায় এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব ওই সময় পর্যন্ত প্রদান করে প্রজ্ঞাপন জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করে।

এদিকে প্রধান বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিদেশ যাওয়ার বিষয়টি অবহিত করতে। এ সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবর অথবা এর নিকটবর্তী কোন তারিখে প্রধান বিচারপতি ঢাকা ত্যাগ করবেন। ১০ নভেম্বর অথবা এর নিকটবর্তী তারিখের মধ্যে তিনি বিদেশ থেকে দেশে ফিরবেন।

গত ৩ অক্টোবর থেকে প্রধান বিচারপতি এস কে সিনহা পহেলা নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটিতে যান। জোর করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির।
তবে তা বরাবরই অস্বীকার করেছে সরকার। এই ছুটিতে থাকাবস্থায় এস কে সিনহা এবং তার স্ত্রী সুষমা সিনহা অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন। পরবর্তীতে অষ্ট্রেলিয়া দূতাবাস তাদেরকে তিন বছরের ভিসা দেয়। দেশটিতে বসবাস করছেন তাদের বড় কন্যা সূচনা সিনহা। বিদেশে গিয়ে প্রধান বিচারপতি তার মেয়ের কাছে উঠবেন বলে জানা গেছে। এদিকে এক মাসের ছুটিতে থাকাবস্থায় প্রধান বিচারপতি তার ছুটির মেয়াদ আরও দশ দিন বাড়িয়ে নিয়েছেন। ছুটির মেয়াদ বৃদ্ধির বিষয়টিও মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। সেই হিসাবে তিনি এখন ১০ নভেম্বর পর্যন্ত ছুটিতে কাটাবেন। যদিও পূর্বে পহেলা নভেম্বর পর্যন্ত তার ছুটির মেয়াদ ছিল।

প্রসঙ্গত প্রধান বিচারপতি যখন বিদেশে যান তখন একটি সরকারি আদেশ (জিও) জারি করতে হয়। ওই সরকারি আদেশ জারি করার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়ে থাকে। গতকাল মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিটি এখন যাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এরপরই প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারি আদেশ জারি হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫