স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগারে আবারও ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে কারা কমপ্লেক্সের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক পলাশ হোসেন হাই সিকিউরিটি কারাগারে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাম মোস্তফার ছেলে।
কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, পলাশ কারারক্ষী রাকিবুলের বাসায় ইয়াবা সেবন করছিলেন। এ সময় এক পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২১ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
পরে পলাশকে জয়দেবপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত পলাশ এর আগে শরীয়তপুর কারাগারে থাকাকালীন বরখাস্ত হয়েছিলেন। গত চার-পাঁচ মাস আগে তিনি গাজীপুরে আসেন।
গত ২১ সেপ্টেম্বর ইয়াবাসহ আটক ও মাদক সেবনের অভিযোগে কাশিমপুরের তিন কারাগারের পাঁচ কারারক্ষীকে বরখাস্ত করা হয়।
