Skip to content

জম্মু-কাশ্মিরের দুই জেলায় হরতাল পালিত

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সোপিয়ান ও পুলওয়ামা জেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলা ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল পালিত হয়।

গত শনিবার পুলওয়ামা জেলার লিটার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়।

ওই ঘটনার প্রতিবাদে রোববার সোপিয়ান ও পুলওয়ামা জেলার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গণপরিবহণ ব্যবস্থা বন্ধ রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে লস্কর-ই-তাইয়্যেবার সোপিয়ান জেলা কমান্ডার ওয়াসিম শাহ ও তার সহযোগী নাসির মীর নিহত হয়।

গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তাদেরকে বাধা দিতে এবং গেরিলাদের পালিয়ে যেতে সাহায্য করতে স্থানীয় জনতা পাথর নিক্ষেপ করে বিক্ষোভ দেখায়। এসময় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে, গুলিবর্ষণ করে এবং পেলেট গানের ছররা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে গুলজার আহমেদ মীর নামে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, অন্য একটি ঘটনায় শনিবার সন্ধ্যায় কুলগাম জেলার ধামহাল হাজিনপোরা এলাকায় অজ্ঞাত গেরিলা হামলায় খুরশিদ আহমদ নামে এক পুলিশ সদস্য নিহত হন। তিনি পুলিশ গাড়ির চালক ছিলেন। এদিন পৌনে পাঁচটা নাগাদ গেরিলারা এক পুলিশ গাড়িতে গুলিবর্ষণ করলে পুলিশ গাড়ির চালক ও অন্য এক পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই নিহত হন খুরশিদ আহমদ। হামলাকারীরা ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। গেরিলাদের সন্ধানে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালালেও তাদের নাগাল পাওয়া যায় নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫