মহেশখালী প্রতিনিধি ॥
মহেশখালীতে অস্ত্র দিয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ার পূর্ব মাঝের পাড়া গ্রামে। গ্রেপ্তারকৃত আসামীর নাম হোসনে আরা (৩২)। সে স্থানীয় মুহাম্মদ ইসমাইলের স্ত্রী।
জানা যায়, গত ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ হোয়ানকের বড় ছড়ায় মুহাম্মদ ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ইসমাইলের স্ত্রী হোসনে আরা পুলিশকে অস্ত্রের সন্ধান দেয়। তখন পুলিশ বাড়ি থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১ টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে। এসময় হোসনে আরার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হোসনেরা পুলিশকে জানায়, স্থানীয় বহু মামলার পলাতক আসামী ইজ্জত আলীর পুত্র সরওয়ারের সহযোগিতায় স্বামীকে ফাঁসানোর জন্য সে অস্ত্র মজুদ রাখে।
এসময় অস্ত্রসহ হোসনে আরাকে আটক করে থানায় নিয়ে আসাহয়। এদিকে পারিবারিক কলহের জেরে হোসনেআরা এমনটি করেছে বলে একটি সূত্র জানায়।
এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত ওই নরীসহ অপর একজনকে আসামী করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে তবে পলাতক আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
