আন্তর্জাতিক ডেস্ক ॥
কাতালান পুলিশ প্রধান হোসেপ লুইস ট্রাপেরো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। মাদ্রিদ সরকার তাকে বরখাস্ত করার আদেশ দিলে শনিবার তিনি এই পথ বেছে নেন।
ট্রাপেরোকে বরখাস্তের ঘোষণাটি প্রকাশিত হয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। ঘোষণার অনুমোদন দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান ইগনাসিও জইডো। পরে শনিবার দুই পৃষ্ঠার পদত্যাগ পত্র জমা দিয়ে কাতালান পুলিশ প্রধান পদ থেকে সরে দাড়ানো নিশ্চিৎ করেন হোসেপ লুইস ট্রাপেরো।
৫১ বছর বয়সী ট্রাপেরো বিগত ২৬ বছর ধরে কাতালান পুলিশ বাহিনী ‘মোস্যস ডি এসকোয়াড্রা’-এ কর্মরত ছিলেন। মাদ্রিদ সরকার তাকে বরখাস্ত করে, অধস্তন ফেরান লোপেজ’কে মোস্যস ডি এসকোয়াড্রা’র নতুন প্রধান নিযুক্ত করেছে।
ফেরান লোপেজ ২৭ বছর যাবত বাহিনীতে কাজ করছেন। ট্রাপেরো’র পর বাহিনীর সর্বোচ্চ অভিজ্ঞ কর্মকর্তা তিনি।
স্পেন সরকার শুক্রবার সংবিধানের ১৫৫ ধারা দাবি করে, কাতালান সরকারের স্বায়ত্বশাসন স্থগিত করে এবং অঞ্চলের শাসন দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পিউগডিমন্টকে পদচ্যুত এবং অন্যান্য আঞ্চলিক কর্মকর্তাদের বরখাস্ত করে স্পেন সরকার।
পদত্যাগ পত্র জমা দেওয়ার সময়, অধস্তনদের প্রতি নতুন নিযুক্ত লোপেজ’কে আনুগত্য প্রদর্শন করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘আমি আপনাদের আহ্বান করছি, আপনারা অবশ্যই সবসময় তাই করেছেন, ফেরান লোপেজের প্রতি সহানুভূতিশীল থাকুন এবং বিশ্বাস রাখুন।’ আরটি
