স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম আফাজ উদ্দিন (৩৪)। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোঃ সোহেল রানা ওরফে রুবেল (৩০) ও মোঃ আলম আহমেদ আলমগীর (২২) নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটক ডাকাতরা জানায়, নিহত ডাকাত আফাজ ময়মনসিংহের পাগলা থানার পাচাহার গ্রামের গিয়াস উদ্দিন ওরফে গেসুর ছেলে।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রোববার ভোর রাত পৌনে ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ওয়ারলেস গেইট সংলগ্ন বিটিসিএল রাস্তার মোড়ে অস্ত্রধারী কয়েক ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়েতে পালাতে থাকে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। গুলাগুলির এক পর্যায়ে আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া দুই ডাকাতকে আটককালে ধাস্তাধস্তিতে আহত হয় এবং আরো ৫/৭ জন ডাকাত দৌড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ডাকাতি কাজে ব্যবহৃত ফেলে যাওয়া একটি বিদেশী তৈরী পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি, একটি কিরিচ, ঘরের গ্রীল ভাঙ্গার লোহার রডের কাওয়াল, একটি প্ল্যাস ও চারটি কাপড়ের মুখোশ উদ্ধার করা হয় এবং পালিয়ে যাওয়ার সময় মোঃ সোহেল রানা ওরফে রুবেল ও মোঃ আলম আহমেদ আলমগীরকে আটক করা হয়েছে। এসময় ডাকাতদের ধরতে গিয়ে জয়দেবপুর থানার এস আই মো. সাদেকুর রহমান ও কনস্টেবল মো. হযরত আলী আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক সোহেল রানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধলাইমান গ্রামের মৃত আব্দুল কাদের ওরফে কালুর ছেলে এবং মো. আলম আহমেদ আলমগীর একই জেলার পাগলা থানার গাতিপাড়া গ্রামের মন্তু ওরফে মন্তাজ বেপারীর ছেলে বলে তারা পুলিশকে জানিয়েছে।
নিহত ডাকাত আফাজ উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য অভিযোগে ময়মনসিংহের পাগলা থানায় ৪টি, গফরগাঁও থানায় একটি, গাজীপুরের শ্রীপুর থানায় ৬টি এবং কাপাসিয়া থানায় একটিসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া আটক দু’ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
