Skip to content

রোহিঙ্গা সঙ্কট > বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ॥

রোহিঙ্গা সঙ্কট নিরসনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী প্রতিমন্ত্রী সিমন হেনশে’র নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিনিধি দলটি ৪ নভেম্বর পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ সফর করবেন বলে রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

এ সময় তারা মিয়ানমারের রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা করবেন। একইসঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা করবেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে থাকবেন গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘ মেয়াদি সমাধানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।

বাংলাদেশ সফরের সময় প্রতিনিধি দলের সদস্যরা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, দাতা ও মানবিক ত্রাণ সহায়তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষার মতো সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা করবেন। তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

গত ২৫ আগস্ট মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধন অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ইতোমধ্যে ৬ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা ৭ লাখেরও বেশি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫