Skip to content

ফের বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় জাতিসংঘ

স্টাফ রিপোর্টার ॥

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি সহ ৫টি কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। গত ৫ বছর তাদের সহযোগিতা বন্ধ রাখার পর আবারো বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই এ সংস্থাটি। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মূখার্জি স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কশিনকে দেওয়া হয়েছে।
ইউএনডিপি ১৯৮৫ সাল থেকে দেশের বিভিন্ন উন্নয়নে ঋণ দিয়ে সহায়তা করলেও নির্বাচন কমিশনের সঙ্গে সংস্থাটি সরাসরি যুক্ত হয় ২০০৫ সালে। তবে ২০১১ সালে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পর ইউএনডিপি নির্বাচন সহযোগিতা কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান কে এম নূরুল হুদা কমিশনের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ দেখিয়েছে জাতিসংঘের এ সংস্থাটি।

নির্বাচন কর্মকর্তারা জানান, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইউএনডিপি প্রাথমিকভাবে সিসিটিভি সহ মোট পাঁচটি কারিগরি সহায়তা দেবে পরবর্তীতে আগামী সংসদ নির্বাচনে আরো তিনটিসহ নির্বাচন কমিশনকে মোট ৮টি সহযোগিতা দেবে তারা।

রংপুর সিটিতে যেসব সহায়তা দেবে সেগুলো হচ্ছে, সিসিটিভি, ইভিএম, নির্বাচনে ব্যবহারের জন্য অটো সিল, স্মার্ট গোপন ভোট কক্ষ, স্মার্ট অমোচনীয় কালি। আর আগামী সংসদ নির্বাচনের আগে ভোটারদের সচেতনতার জন্য ভোটার প্রশিক্ষণ (এডুকেশন), নির্বাচনে ব্যবহারের জন্য ট্রেনিং ম্যানুয়াল, কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবে ইউএনডিপি।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ দিন বাংলাদেশে বিদেশি নির্বাচনী সহায়তা বন্ধ থাকার পর জাতিসংঘ আমাদের সহযোগিতা করতে চাচ্ছে এটা আমাদের জন্য পজেটিভ। কিভাবে তাদের সহযোগিতা কাজে লাগানো যায় আগামী কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, নির্বাচন কমিশন থেকে কারিগরি সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক বিভাগের (ডিপিএ) ইলেক্টোরাল অ্যাসিসট্যান্স ডিভিশনের (ইএডি) একজন কর্মকর্তার নেতৃত্বে একটি দল বাংলাদেশ সফর করে।

দলটি প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচন কমিশনারগণ, কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে। দলটি ঢাকার বাইরে মানিকগঞ্জে সফর করে। পরে তারা ফিরে গিয়ে জাতিসংঘে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের সুপারিশ জাতিসংঘ অনুমোদন করেছে। এই ধারাবাহিকতায় আগামী নির্বাচন গুলোতে সহায়তা দিতে চাচ্ছে ইউএনডিপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫