Skip to content

কঠোর পরিশ্রমের মাধ্যমে মুসলিম উম্মাহকে এগিয়ে নেবে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিতরণে কাজ করছে। অতীতে অনেক মুসলিম জ্ঞানী ও বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন। এ আলোকেই তরুণ শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তনশীল জ্ঞান-বিজ্ঞান অনুশীলন করে গৌরবময় মুসলিম উম্মাহকে আগামীতে আরও এগিয়ে নিতে সক্ষম হবে।

বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি’র অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জেনে খুশি হয়েছি যে প্রধানমন্ত্রীর আগ্রহে গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম এ প্রতিষ্ঠানে মেয়েদের লেখাপড়ার সুযোগ দেয়া হয়েছে। পাশাপশি মেয়েদের থাকার ব্যবস্থা করার জন্য সরকার টাকা বরাদ্দ দিয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয়টি চমৎকার পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর। অনুষ্ঠানে ওআইসির মহাসচিব ও আইইউটি’র আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন-এর বাণী পাঠ করেন আইইউটি’র টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক চি কুম ক্লেমেন। এছাড়া বক্তব্য দেন আইইউটি’র গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাঈদ আলালাম আলজাহ্রানী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী।

এর আগে সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছলে আইইউটি’র উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ তাকে স্বাগত জানান। মন্ত্রী গাউন পড়ে আনুষ্ঠানিক সমাবর্তন শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের মূল মঞ্চে হাজির হন।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নাইজেরিয়ার শিক্ষার্থী ইব্রাহিম আদামুকে ওআইসি পদক এবং বাংলাদেশের ইরতিজা ইনাম কবির, আবির আহসান, ওমর সাদাব চৌধুরী ও সাব্বির আহমেদকে আইইউটি স্বর্ণপদক ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানে মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত ৩১৬জনকে সনদ প্রদান করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫