Skip to content

ভারতের ৫ ‘মিস ওয়ার্ল্ড’

বিনোদন ডেস্ক ॥

‘মিস ওয়ার্ল্ড’ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে এই প্রতিযোগিতার গোড়াপত্তন করেন ব্রিটিশ টেলিভিশন সঞ্চালক এরিক ডগলাস মোর্লে। এরপর থেকেই ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রতিযোগিতা। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর তার স্ত্রী জুলিয়া মোর্লে প্রতিযোগিতার প্রধান হিসেবে দায়িত্ব নেন।

এদিকে, ‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এটির প্রতিপক্ষ হিসেবে ‘মিস ইউনিভার্স’ এবং ‘মিস আর্থ’ সুন্দরী প্রতিযোগিতা বিশ্বে প্রচলিত রয়েছে। তবে ‘মিস ওয়ার্ল্ড’ই বর্তমান বিশ্বে সৌন্দর্যপ্রিয় জনগোষ্ঠীর কাছে সবচেয়ে বেশি প্রচারিত ও প্রচলিত সুন্দরী প্রতিযোগিতা।
১৯৫১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতার জিতেছেন ৭৯ জন। চমকপ্রদ তথ্য হলো- এদের মধ্যে ভারত থেকেই রয়েছেন ৫জন। তারা হলেন- রিটা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই বচ্চন (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) এবং মানুসী চিল্লার (২০১৭)।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানাইয়া সিটি এরেনায় বসেছিলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। যেখানে বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন ভারতের হরিয়ানার তরুণী মানুসী চিল্লার।
এর মধ্য দিয়ে ১৭ বছর পর ভারতে এসেছে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট। সবর্শেষ ২০০০ সালে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জিতেছিলেন এই শিরোপা।

এদিকে, মানুসীকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিসি লিখেছেন, ‘আমাদের একটি উত্তরাধিকারী! ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ায় তোমার জন্য শুভকামনা রইলো মানুসী চিল্লার। এখন পালা শেখার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি উপভোগ করো। শাবাশ!’

বেইজিং রাইজের ডিজাইনে অনুষ্ঠিত জমকালো সন্ধ্যায় শেষ ৪০ জন থেকে ২৫ জন বাদ পড়ে লড়াই হয় ১৫ জনের। এই ১৫ জন থেকে পারফরম্যান্সে বাদ পড়েন আরও পাঁচজন। শেষ ১০ জনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার পর বাদ পড়ে যান আরও পাঁচজন। বাকি পাঁচজনের মধ্যে শেষ হাসিটা হাসেন মানুসীই।

প্রথম রানারআপ হয়েছেন ‘মিস ইংল্যান্ড’ স্টেফানি হিল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ‘মিস মেক্সিকো’ আন্দ্রে মেজা। অনুষ্ঠানে মানুসীর মাথায় ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা তুলে দেন গত বছরের ‘মিস ওয়ার্ল্ড’ পুয়ের্তো রিকো’র স্টেফানি ডেল ভালে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫