স্টাফ রিপোর্টার ॥
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘুমন্ত মায়ের পাশ থেকে তিন মাসের শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ওয়ার্ড থেকে শিশু জিমকে চুরি করা হয় বলে জানান শিশুটির পরিবারের সদস্যরা।
শিশুটির মা সুমাইয়া আক্তার জানান, তার স্বামী জুয়েল মিয়া একজন রিকশাচালক। কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভতি আছেন। তাঁকে দেখাশোনার জন্য শিশুটিকে সঙ্গে নিয়ে রাতে হাসপাতালে ছিলেন তিনি। একপর্যায়ে শিশুটিকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন । হঠাৎ ঘুম ভেঙে দেখেন শিশুটি তার পাশে নেই। হাসপাতালের সব স্থানে তাকে খোঁজা হয়েছে । কিন্তু কোথাও শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি। রাতেই বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন তাঁরা।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আজ মঙ্গলবার দুপুরে জানান, শিশুটি এখনো উদ্ধার হয়নি। আমরা পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করেছি। শিশুটির পরিবার এবং শাহবাগ থানা-পুলিশ মিলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে।
