স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল হস্তান্তরের সময় শহিদুল ইসলাম ও ফারুক আহমেদকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম ওজনের ৫ টি গোল্ডবার, ৮৭ গ্রাম বিভিন্ন অলংকার ও ৮ টি মোবাইল জব্দ করা হয়েছে।
বিমানবন্দর এপিবিএনের এএসপি তারিক আহমেদ আস সাদিক আমাদের সময় ডট কমকে বৃহস্পতিবার ভোর রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়েত থেকে বিজি-০৪৪ ফ্লাইটে সোমবার দুপুরে শহিদুল ইসলাম ঢাকায় আসেন। পরবর্তীতে ক্যানোপি ২ এর সামনে কার পার্কিং এলাকায় ফারুক আহমেদের নিকট অবৈধ ভাবে ট্যাক্স ফাকি দিয়ে আনা ৬০০ গ্রাম ওজনের ৫ টি গোল্ডবার, ৮৭ গ্রাম বিভিন্ন অলংকার, ৮ টি মোবাইল ফোন হস্তান্তরের সময় আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৩৫ লক্ষ টাকা বলেও তিনি জানান।
