Skip to content

‘প্রধান বিচারপতির পদ বেশি দিন খালি রাখবেন না রাষ্ট্রপতি’

স্টাফ রিপোর্টার ॥

প্রধান বিচারপতির পদ রাষ্ট্রপতি নিশ্চয়ই বেশি দিন খালি রাখবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো দরকার নাই, তার কারণ হচ্ছে রাষ্ট্রপতি নিশ্চয়ই এ পদটি বেশি দিন খালি রাখবেন না।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আপনাদের কথা বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না- আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতির কথা বলা আছে, আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি অস্থায়ী প্রধান বিচারপতি হবেন।

‘সেখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় এ কথা বলা আছে ‘অনুরূপ’। প্রধান বিচারপতির অনুরূপ ক্ষমতা প্রয়োগের কথা বলা আছে। অনুরূপ মানে হচ্ছে প্রধান বিচারপতি যা করতে পারতেন তিনিও তা করবেন। একটু পিছনে তাকালে দেখা যাবে, ১৯৯০ সনের ডিসেম্বরে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ কেয়ারটেকারের চিফ অ্যাভাইজার হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন। তখন একজন অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন। তিনি অ্যাপয়নমেন্টও দিয়েছেন। শপথও পড়িয়েছেন। এটা যে নজির নাই তা না। নজির আছে। অনুরূপ কথার ওপর জোর দিতে হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘যিনি এখন অস্থায়ী প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা শপথ নিয়েছেন, আপিল বিভাগের বিচারপতি হিসেবে। অনুরূপ মানে হচ্ছে চিফ জাস্টিসের সকল ক্ষমতা তিনি পালন করতে পারবেন। সেখানে কিন্তু কোনো বিভাজন করে দেয়া হয় নাই। তিনি কি করতে পারবেন কি পারবেন না।’

সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্ব পালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।’

অবকাশকালীন ছুটি শেষে গত ২ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার আগের দিন অসুস্থতার কথা জানিয়ে এক মাসের (৩ অক্টোবর থেকে ১ নভেম্বর) ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশে যেতে আরও দশ দিনের (২ থেকে ১০ নভেম্বর) ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া থেকে কানাডা যাওয়ার পথে শুক্রবার (১০ নভেম্বর) সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫