Skip to content

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাকিস্তানের আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥
ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের মুখে অবশেষে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার সকালে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে অবস্থান ধর্মঘট প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছে ধর্মীয় সংগঠগুলো।

জিও নিউজ উর্দু জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে জাহিদ হামিদ তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আজই আইনমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করবেন বলে দেশটির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। পদত্যাগ পত্রে হামিদ লিখেছেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় আমি ব্যক্তিগতভাবে ক্ষমতা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচনী আইনে শপথ নামায় খতমে নবুওয়াত প্রসঙ্গ পরিবর্তন বিষয়ে তার তেমন ভূমিকা ছিল না। আইনটি সংসদীয় কমিটি অনুমোদন করে। তবে দেশকে সঙ্কটের মুখ থেকে বাঁচানোর জন্য তিনি পদত্যাগ করেছেন বলে জাহিদ হামিদ জানান।

আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগ থেকে বিক্ষোভ শুরু করে দেশটির ইসলামপন্থীরা। মূলত পাকিস্তানের নির্বাচনি আইন ২০১৭’র রূপরেখাতে নির্বাচনি প্রার্থীর শপথনামার শুরুতেই ‘আমি শপথ করি যে’ এ বাক্যটির জায়গায় ‘আমি বিশ্বাস করি যে’ ব্যবহার করা হয়। এর ফলে এ বাক্যটির সঙ্গে শেষ নবী মুহাম্মদ সা. এর নাম যুক্ত থাকায় নবীর নামের অবমাননা হয়েছে বলে তারা অভিযোগ আনেন। যদিও পাকিস্তান সরকার এটিকে কেরানিগত ভুল বলে দাবি করেছে। তবে বিক্ষুদ্ধরা এ বিষয়টি মানতে রাজি নয়। এর সঙ্গে আইনমন্ত্রীকে দায়ি করে তার অপসারণের দাবি জানানো হয়।

তার অপসারণের দাবিতে গত একুশ দিন ধরে তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়। অবস্থানের পর শুক্রবার ব্যাপক সংঘর্ষে রুপ নেয়। এতে ৫ জন নিহত ও কয়েক শতাধিক আহত হয়। পরবর্তীতে দেশটির করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত শনিবার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়। চাপের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন জাহিদ হামিদ।

এ দিকে আইনমন্ত্রীর পদত্যাগের পর সরকার ও ইসলামি দলগুলোর মাঝে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের চুক্তি হয়েছে। সেই সঙ্গে নির্বাচনি আইন সংশোধনী কমিটির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে বলে চুক্তি হয়েছে। এ আইনের সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা করা হয়।

সূত্র : জিও নিউজ উর্দু

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫