Skip to content

বাগদাদে সন্ত্রাসী হামলা: নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইরাকের রাজধানী বাগদাদের নাহরাওয়ান এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৭ নভেম্বর) রাতে দুই বন্দুকধারী প্রথমে এলোপাথারি গুলি ছুড়ে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হত্যা করে এবং এরপর তাদের একজন নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ এক বিবৃতিতে এ হামলা চালানোর দাবি করেছে।

ইরাক ও সিরিয়ায় দায়েশের কথিত খেলাফতের পতন হওয়ার কয়েকদিনের মাথায় বাগদাদে হামলা চালাল এই জঙ্গি গোষ্ঠী।

গত ১৭ নভেম্বর ইরাকের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী আর-রাওয়া শহরটি দায়েশের কবল থেকে পুনরুদ্ধার করে। রাওয়া ছিল ইরাকে দায়েশ নিয়ন্ত্রিত সর্বশেষ শহর।

ওই ঘটনার দু’দিন পর সিরিয়ার সেনাবাহিনী সেদেশের বুকামাল শহর থেকে দায়েশ জঙ্গিদের হটিয়ে সিরিয়ার পতাকা উত্তোলন করে। দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের ইরাক সীমান্তবর্তী বুকামাল শহর ছিল জঙ্গি গোষ্ঠী দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটি।

ইরাক ও সিরিয়ার এই দু’টি শহর পুনরুদ্ধারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে দায়েশের সন্ত্রাসবাদের চূড়ান্ত পরাজয় ঘটে। ২০১৪ সালের জুলাই মাসে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে সন্ত্রাসবাদের তাণ্ডব শুরু করেছিল দায়েশ। তারা ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরকে নিজেদের রাজধানী ঘোষণা করে কথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল।

কথিত খেলাফত হারিয়ে জঙ্গিরা এখন ইরাকের সাধারণ মানুষ হত্যার পথ বেছে নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সূত্র: পার্সটুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫