বিনোদন ডেস্ক ॥
তরুণ নির্মাতা মিজান আফসারি পরিচালিত ‘তোলপাড়’ নামে সিনেমায় চিত্রনায়িকা আরিন সুলতানা চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ সিনেমায় সনি রহমানের বিপরীতে তিনি অভিনয় করবেন বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু শুটিং শুরুর আগেই এ সিনেমা থেকে ছিটকে পরেন আইরিন সুলতানা। আইরিন সুলতানার স্থানে এখন অভিনয় করবেন চিত্রনায়িকা মৌমিতা মৌ।
এ প্রসঙ্গে পরিচালক মিজান আফসারি বলেন, ‘কোনো শিল্পী যদি শুটিং শুরু আগেই কোনো প্রকার কমিটমেন্ট নষ্ট করে তাহলে এই শিল্পীকে নিয়ে ভালো ভাবে কাজ করা যায় না। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে যেকোনো শিল্পীর কমিটমেন্ট ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। কোনো একজন শিল্পীর কারণে আমি একজন প্রযোজক এর ক্ষতি করতে পারি না। তাই সব দিক বিবেচনা করে ভালো একটি সিনেমা নির্মাণ এর কথা চিন্তা করে আমি আইরিনকে বাদ দিয়ে মৌমিতা মৌকে ‘তোলপাড়’-এ কাস্ট করেছি। আশা করছি সনি রহমান ও মৌমিতা মৌকে নিয়ে আমি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
আজ নতুন বছরের শুরুতে ‘তোলপাড়’ সিনেমার শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মিজান আফসারি বলেন, ‘আজ ১ জানুয়ারি থেকে বিএফডিসিতে ‘তোলপাড়’ সিনেমার শুটিং শুরু করবো। এখানে সিনেমাটির প্রথম লটের শুটিং হবে। সিনেমাটির গল্প দারুণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
‘তোলপাড়’ সিনেমার একটি গানের রেকর্ডিংও এরই মধ্যে শেষ হয়েছে। বেলাল খান ও গ্রেইজি এতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। এতে মোট চারটি গান থাকবে বলে জানান পরিচালক মিজান আফসারি।
অভিনয়শিল্পী সনি রহমান অসংখ্য নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে খলনায়কের চরিত্রেও তাকে দেখেছেন দর্শক। তবে প্রথমবারের মতো বড় পর্দায় নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
