Skip to content

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

বাংলাভূমি ডেস্ক ॥

গাজীপুর: টঙ্গীতে তাবলীগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রথম পর্বের তিনদিনের ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৯ জানুয়ারি। দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

সোমবার দুপুরে ইজতেমা ময়দান সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকার কাকরাইলসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও মুসল্লিরা ময়দানের প্যান্ডেল নির্মাণসহ অন্যান্য কাজে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমা মাঠের দায়িত্বে নিয়োজিত অন্যতম জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ। অনুকূল আবহাওয়া বিদ্যমান থাকলে গতবারের চেয়ে এবার বেশিসংখ্যক মুসল্লি আগমনের সম্ভাবনা রয়েছে বলে জানান আয়োজকরা।

এবারের দু’পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার জন্য বিশাল চটের প্যান্ডেলকে জেলাওয়ারী নির্দিষ্ট খিত্তায় ভাগ করা হয়েছে। এবার প্রথম পর্বের ১৬টি জেলার জন্য পুরো প্যান্ডেলকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে।

আয়োজক কমিটির অন্যতম মুরুব্বি গিয়াস উদ্দিন আহমেদ জানান, স্থান সংকুলান না হওয়ায় এবার শুধুমাত্র ৩২টি জেলার মুসল্লিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ইজতেমার মাঠের সার্বিক নিরাপত্তা বিধানে এবার ৮ স্তরে আইন শৃংখলা বাহিনীর ৭ হাজার নিরাপত্তাকর্মী কাজ করবে। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, দু’পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক কর্মকাণ্ড সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় করা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫