স্টাফ রিপোর্টার ॥
সারাদেশে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। দেশের উত্তরাঞ্চল তেঁতুলিয়ায় গতকাল সোমবার (৮ জানুয়ারি) ৫০ বছরের সর্বনিম্ন ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। পৌষের এমন শীতে কাঁপছে দেশ। এ পরিস্থিতিতে শীত প্রবণ ২০ জেলায় শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণে ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে চলমান শৈত্যপ্রবাহ ও মানবিক সহায়তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান।
মন্ত্রী জানান, শীতার্তদের জন্য এখন পর্যন্ত মোট ২৮ লাখ পিস কম্বল ও ৮০ হাজার পিস শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতে আরও দুটি শৈত্যপ্রবাহ আসছে বলেও জানান তিনি।
