Skip to content

চীনা বাজারে প্রবেশাধিকার চায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন তিনি চীনের বিশাল বাজারে ফরাসি পণ্যের প্রবেশ নিশ্চিত করতে চান। মঙ্গলবার চীনে সফররত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, চীনের চলমান ভারসাম্যহীন বাণিজ্যনীতি দেশটিকে ক্রমেই রক্ষণশীলতার দিকে নিয়ে যাচ্ছে।

নিজের প্রেসিডেন্ট মেয়াদের ৮ মাসের মাথায় তিনদিনের চীন সফরে এসেছেন ম্যাক্রোঁ। এই সফরে তার সঙ্গে অত্যন্ত প্রভাবশালী ৫০জন ব্যবসায়িক প্রতিনিধিও রয়েছেন। তিনি আশা করেন দু’দেশের মধ্যে থাকা ৩০ বিলিয়ন ইউরোর বাণিজ্য ঘাটতি ধীরে ধীরে একটি ভারসাম্যপূর্ণ অবস্থার দিকে এগিয়ে যাবে।

তবে ম্যাক্রোঁ এয়ারবাস, বিএনপি পারিবাস, একর হোটেল, ইএফডি ও এলভিএমএইচ’র মত বড় বড় কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সফরে এলেও, এখনও পর্যন্ত বাণিজ্যসংক্রান্ত কোনও ঘোষণা, চুক্তি এমনকী কোনও সমঝোতাও স্বাক্ষরিত হতে দেখা যায়নি। যদিও, বিএনপি পারিবাস কোম্পানিটি কনজ্যুমার ক্রেডিটে চীনের সাথে তাদের যৌথ কার্যক্রম ঘোষণার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিল।

এপ্রসঙ্গে ম্যাক্রোঁ চীনা ও ফরাসি ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আমাদের দু’দেশের মধ্যে বর্তমানে এমন একটি বাণিজ্যিক অবস্থা বিরাজ করছে যেটি সহজভাষায় বলতে গেলে একইসাথে অত্যন্ত ভারসাম্যহীন ও অসন্তোষজনক। তিনি বলেন, ‘আমরা যদি এখনই দায়িত্বের সাথে এই পরিস্থিতির মোকাবেলা না করি, তাহলে এর বিপরীত প্রতিক্রিয়া আমাদের দু’দেশের ওপরই পড়বে।’

প্রসঙ্গত, তিনদিনের সফরে চীনে পা দিয়েই ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, ‘ইউরোপ ফিরে এসেছে।’ একইসাথে তার পাঁচবছরের প্রেসিডেন্ট মেয়াদে প্রতিবছরই চীন সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রয়টার্স

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫