Skip to content

নির্বাচন না দেওয়ার চেষ্টা করছে সরকার : ফখরুল

স্টাফ রিপোর্টার ॥

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারা (সরকার ) চেষ্টা করছে নির্বাচন (একাদশ জাতীয় সংসদ) যেন না হয়। তারা জানে সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা কখনই নির্বাচিত হবে না।

আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সংবিধানে তত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, আওয়ামী লীগের দাবিতেই তত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এসেছিলাম, তা বাতিল করে দেওয়া হয়েছে। আজকে তারা দলীয় সরকারের অধীনে জোর দিয়ে নির্বাচন করছে। জোর করেই করছে এবং বিভিন্ন অজুহাত সৃষ্টি করছে।

তিনি বলেন, সরকার গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের ভোট দেওয়ার নূন্যতম অধিকারও কেড়ে নিয়েছে। আজকে কথা বলার, লেখার ও সংগঠন করার সুযোগ নেই। রাস্তায় বের হওয়ার সুযোগ নেই। এমনকি খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গেলে আমাদের দলের তরুণ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে।

বিএনপরি এ নেতা বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার চাই। যা ছিল, এ দেশের মানুষ তা গ্রহণ করেছিল। তিনটি নির্বাচন এখানে হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এটা প্রমাণিত যে, এ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা পরিষ্কার ও স্পষ্ট করেই বলেছি, আমরা নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড চাই। সমান সুযোগ চাই।

খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিন সারাদেশে আমাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত হচ্ছে। তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা হচ্ছে।

ফখরুল বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে না। সরকার যতই নির্যাতন করুক, গ্রেফতার করুক, হত্যা-গুম করুক, এ দেশের মানুষকে তাদের যে চাওয়া নিরপেক্ষ সরকারের দাবি তা থেকে সরাতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঢাবিতে যা ঘটেছে তা আওয়ামী লীগের চরিত্র। এটা ছাত্রলীগের নতুন কিছু ব্যাপার নয়। তারা বহুবার শিক্ষকদের মেরেছে, ছাত্রদের মেরেছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় কোকো মৃত্যুবরণ করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫