Skip to content

‘সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের মামলায় আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আদালতে যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ঘোষণা হয়, তবে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার রায় ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকালের রায়ে খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন, সেটা আদালতের বিষয়। তবে সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে। এজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত।

গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়িবহরের মিছিল থেকে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হামলাকারীরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু আমরা যে চারজনকে গ্রেফতার করেছি, তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।

এ চারজন হলেন- ঝালকাঠির নলছিটির মাসুম বিল্লাহর ছেলে মামুন খান, চাঁদপুরের হাজীগঞ্জের আবদুল কাদেরের ছেলে রুহুল আমিন, ঢাকার আবদুল মালেকের ছেলে হারুনর রশিদ ও কিশোরগঞ্জের শফি আহমেদের ছেলে ইশতিয়াক আহমেদ নাসির।

এদের মধ্যে মামুন ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, রুহুল আমিন ঢাকার ৯৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, হারুন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং নাসির ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল ‘নিখোঁজ’ থাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেনি। হতে পারে তিনি আত্মগোপন করেছেন। এটা নতুন কৌশল হতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫