Skip to content

চেনা ছন্দে দলে ফেরা স্টোকস, সমতায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক ॥

প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। দল হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই যেন চেনা ছন্দে আবির্ভাব বেন স্টোকসের। দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই তারকা অলরাউন্ডার। জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।

মাউন্ট মঙ্গানুইয়ে চমৎকার ফিল্ডিংয়ে কিউইদের ২২৩ রানে গুটিয়ে দেয় ইংলিশরা। সহজ লক্ষ্যটা ৬ উইকেট ও ৭৩ বল বাকি থাকতেই টপকে যায় সফরকারীরা। ৬৩ রানে অপরাজিত থেকে যান স্টোকস। সঙ্গী জস বাটলার (৩৬ অপ.)। অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৬২। ওপেনার জনি বেয়ারস্টো করেন ৩৭। ট্রেন্ট বোল্ট দু’টি, লুকি ফার্গুসন ও কলিন মুনরো নেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের চমৎকার ফিল্ডিং-বোলিংয়ে ৪৯.২ ওভারে সবকটি হারিয়ে মাঝারি পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপসরা। চারজন হন রানআউট। এরা হলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রস টেইলর (১০), কলিন ডি গ্র্যান্ডহোম (৩৮), টিম সাউদি (৬) ও ট্রেন্ট বোল্ট (২)।

অর্ধশতক হাঁকান ওপেনার মার্টিন গাপটিল (৫০)। টম ল্যাথাম ২২ রানে সাজঘরে ফেরেন। আট নম্বরে নেমে অপরাজিত ৬৩ রানে কার্যকরী এক ইনিংস উপহার দেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। দু’টি করে উইকেট নেন ক্রিস উকস, মঈন আলী ও গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা স্টোকস। প্রথম ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট থেকে আসে ১২।

পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। ওয়েলিংটনে শনিবার (৩ মার্চ) গড়াবে তৃতীয় ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫