Skip to content

আগে তেলের দাম কমাতে হবে, তারপর সমন্বয় করতে হবে : বিশেষজ্ঞ প্রস্তাব

বাংলাভূমি ডেস্ক ॥
তেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

প্রস্তাব কার্যকর হলে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশেও কমবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারেও তেলের দাম বাড়বে। বিপিসির এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

তারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করার আগে দেশে তেলের দাম কমাতে হবে। তারপর সমন্বয় করতে হবে। তা না হলে তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক প্রস্তাবে জনঅসন্তোষ তৈরি হবে।

বিপিসির এই প্রস্তাবকে দেশের জনগণ ও অর্থনীতির স্বার্থবহির্ভূত কিছু মানুষের টাকা বানাতে সরকারের কৌশল বলে মনে করেন তেল গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা আন্দোলনের সদস্য সচিব আনু মুহাম্মদ।

তিনি বলেন, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল তখন কমানো হলো না। কারণ হচ্ছে দেশে এমন সব প্রকল্প করছে সেখানে দুর্নীতি ও মাত্রাতিরিক্ত ব্যয় করা হচ্ছে। এ সব প্রকল্পে টাকা জোগানোর জন্য তেলের দাম কমানো হয়নি। তিনি বলেন, তেলের দাম নিধারণ করতে হবে জনগণ ও অর্থনীতির কথা বিবেচনা করে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সম্প্রতি বিপিসি থেকে এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক ও তেল-গ্যাস বিদ্যুৎ ও বন্দর রক্ষা আন্দোলনের সংগঠক রুহিন হোসেন প্রিন্স বলেন, তেলের মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়ার পরও দেশে তেলের দাম বাড়িয়ে সরকার অনৈতিক ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করার আগে দাম কমাতে হবে। তারপর সমন্বয় করতে হবে।

তৈরি নীট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, কোনো পদ্ধতিতেই তেলের দাম বৃদ্ধি করা ঠিক হবে না। তেলের দাম স্বয়ংক্রিয় করার অজুহাতে তেলের দাম বৃদ্ধি করা হলে তা রপ্তানি বাণিজ্যের জন্য ঝুঁকি তৈরি করবে।

কনজ্যুুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদশে (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান বলেন, তেলের নির্ধারণে স্বয়ংক্রিয় পদ্ধতি কার্যকর নয়; আন্তর্জাতিক বাজারের তেলের দাম বাড়লেও দেশের বাজারে বর্তমান বাজারমূল্য অব্যাহত রাখতে হবে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে বাড়তি যে টাকা দেশকে খরচ করতে হবে তা আগে তেল বিক্রির মুনাফা থেকে সমন্বয় করতে হবে।

 

আমাদের সময়.কম

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫