Skip to content

নেইমারবিহীন পিএসজির অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক ॥

দলবদলের বাজারে কাড়ি কাড়ি অর্থ ঢেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের অপেক্ষা বাড়লো পিএসজির। চ্যাম্পিয়নস লিগের আরেকটি মৌসুমে সঙ্গী হলো হতাশাজনক বিদায়। নেইমারবিহীন পিএসজিকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা মিশনে কোয়ার্টার ফাইনালে পা রাখলো রিয়াল মাদ্রিদ।

প্যারিসে ফিরতি পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-২ অ্যাগ্রিগেট। বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগের জোড়া গোলস্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো এবারের আসরে প্রতিটি ম্যাচেই গোল করার কৃতিত্ব ধরে রাখলেন।

ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণই করেছে উনাই এমেরির শিষ্যরা। পায়ের ইনজুরির সার্জারির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তার অনুপস্থিতিতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ কাভানি-এমবাপ্পে-ডি মারিয়ারা।

৬৬ মিনিটে মার্কো ভেরাত্তির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় স্বাগতিক শিবির। তখন ১-০ গোলে এগিয়ে ভিজিটররা। ৫১ মিনিটে দুর্দান্ত হেডে লিড এনে দেন রোনালদো।

বদলি হিসেবে নামা হাভিয়ের পাস্তোরের হেড রিয়ালের কয়েকজন খেলোয়াড়ের গায়ে লেগে এডিনসন কাভানিকে স্পর্শ করে জালে জড়ায়। ৭১ মিনিটে সমতায় ফেরে পিএসজি। এর ৯ মিনিট বাদে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল উদযাপনে মাতেন ক্যাসেমিরো।

২-০ গোলে জিততে পারলে অ্যাওয়ে গোলের সুবাদে জিনেদিন জিদানের রিয়ালকে হতাশায় ডোবাতে পারতো পিএসজি। কিন্তু কোনো সুযোগই দেয়নি গ্যালাকটিকোরা। প্যারিসে গিয়েও দাপুটে ফুটবল খেলে স্প্যানিশ পরাশক্তিরা পৌঁছে গেছে শেষ আটে।

 

এদিকে, অ্যানফিল্ডে লিভারপুল-পোর্তো ম্যাচটি গোলশূন্য সমতায় নিষ্পত্তি হয়। পর্তুগিজ ক্লাবটির মাঠে প্রথম লেগে অল রেডসদের ৫-০ গোলের দাপুটে জয় ফলাফল নির্ধারক হয়ে থাকে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫