Skip to content

ছাত্রলীগকে পানির বদলে রক্তপান করার পরামর্শ দিচ্ছে সরকার: রিজভী

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী কেন্দ্রীয় নেতারা ছাত্রলীগকে পানির বদলে রক্তপান করার পরামর্শ দিচ্ছে বলেই এতো সহিংস রক্তপাত শিক্ষাঙ্গনে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ।
বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বিএনপির কেন্দীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিষ্ঠুর ও বর্বর নির্যাতন চালাচ্ছে সরকার। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঘনঘন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদচারণা করছেন তাতে আমরা কোন প্রতিকার দেখছি না, বরং সাধারণ ছাত্র-ছাত্রী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের ওপর রক্তাক্ত আক্রমণেরই ধারাবাহিক সহিংস ঘটনা দেশবাসী লক্ষ্য করছে। ধিক্কার জানাই এ ধরনের ঘটনার।
তিনি আরো বলেন, গত দুদিন আগে রাতে ঢাবির হলে হলে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের বেছে বেছে নির্যাতন করেছে ছাত্রলীগ। গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে কোটা সংস্কার আন্দোলনে যোগদানকারী ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে হল ছাত্রলীগের নেত্রীরা। এতে কমপক্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এবং এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের মন্ত্রীদের লাগামহীন বক্তব্যের কারণে শিক্ষার্থীরা আরও বেশী ক্ষুদ্ধ বিক্ষুদ্ধ হয়ে পড়েছে। এই ঘটনায় বিশ^বিদ্যালয়ে কর্তৃপক্ষ সরকারের তল্পিবাহক ছাড়া কোন আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেননি। সরকারের কাছে নিজেদের বিবেককে অঞ্জলি দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারী বাহিনী ও ছাত্রলীগের যে তান্ডবলীলা চলছে সেটির তীব্র ধিক্কার ও নিন্দা জানাই।
বেগম খলেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জগতে বেগম খালেদা জিয়াকে যে এক্সরে ও রক্ত পরীক্ষা করানো হয়েছে তা মামুলি ব্যাপার মাত্র, তাঁকে এমআরআইসহ আরও আধুনিক পরীক্ষা করলে বোঝা যেত তাঁর প্রকৃত স্বাস্থ্যগত অবস্থা কি। এ অবস্থায় একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার ওপর এহেন নির্যাতন এবং নির্দয় ব্যবহার শুধুমাত্র সরকার প্রধানের প্রতিহিংসা চরিতার্থ করা ছাড়া অন্য কোন কারণ নেই। কারণ জামিন পাওয়ার পরও তাঁর জামিন আটকে দেওয়া হয়েছে সরকার প্রধানের নির্দেশেই। আইনগতভাবে তিনি ব্যক্তিগত চিকিৎসকদের সেবা পাওয়ার অধিকারী অথচ সে সুযোগ তাঁকে দেওয়া হচ্ছে না। এখানেই সরকারের উদ্দেশ্যে পরিস্কার হয়ে যায় যে, তাঁকে তিলে তিলে নি:শেষ করার ষড়যন্ত্র রয়েছে। আমি আবারও অবিলম্বে ‘মাদার অব ডেমোক্রেসী’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দাবি করছি।

 

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫