Skip to content

বিএনপির হুঁশিয়ারি : খালেদা জিয়ার ক্ষতির দায়ভার সরকারকেই বহন করতে হবে

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা না দিলে তাঁর বড় ধরণের ক্ষতি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি। অতিদ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এই দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

ঈদের আগেই তাঁকে মুক্তির দাবি করে তিনি বলেন, আমরা দেশবাসীসহ দলের নেতাকর্মীকে দেশনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে সরকারের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি। অবিলম্বে তাঁর মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজপথ হবে অগণিত মানুষের শ্লোগানে শ্লোগানে মুখরিত। তীব্র আন্দোলনের শপথ নিয়ে জাতীয়তাবাদী শক্তি অল্পসময়ের মধ্যেই রাজপথে ঝাঁপিয়ে পড়বে।

বিএনপির মুখপাত্র বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা যেসব সুপারিশ করছেন এমনকি আগেও সরকারি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছিলেন সেগুলোও বাস্তবায়ন করা হয়নি।

আমি বিএনপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি- স্বার্থান্ধতা, ঔদ্ধত্য, অসহিষ্ণুতা, সন্ত্রাস ও আকণ্ঠ দুর্নীতির বিরুদ্ধে মানুষ আর অলস বসে থাকবে না। আমরা সরকারের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই-দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও চিকিৎসা নিয়ে যে নির্মমতা প্রদর্শণ করা হচ্ছে তাতে ক্ষমতাসীনদের জন্য রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না। সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণকে আর কাবু করা যাবে না। দিল্লীর আয়নায় বিশ্বকে দেখতে গিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ প্রতিবেশীর পদতলে ঠেলে দিয়ে সরকার নিজেকে নির্বার মনে করলেও কোন লাভ হবে না। নিজ দেশবাসীর অধিকারকে বিপন্ন করে জনগণের স্বার্থ যারা বিকিয়ে দেয় তাদের পরিণতি হয় ভয়াবহ বলেও মন্তব্য করেন রিজভী।

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারাগারে বেগম খালেদা জিয়া যে পড়ে গিয়েছিলেন সেই সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। তার এই বক্তব্যেও কঠোর সমালোচনা করে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও অসুস্থতা নিয়ে কতটা অবহেলা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেটা পরিস্কার হয়ে গেল। কারা কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলেই বন্দী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থার বিষয়ে ভ্রুক্ষেপহীন থেকেছে সেটিই প্রমানিত হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে।

তিনি বলেন, দেশনেত্রী কারাগারে অজ্ঞান হয়ে ৫-৭ মিনিট পড়েছিলেন, অথচ সেটি কারাকর্তৃপক্ষ জানে না, তার মানে এটাই প্রমানিত হয় বেগম জিয়া কারাকর্তৃপক্ষের কতখানি অবহেলার শিকার। সরকার বিএনপি চেয়ারপারসনের প্রতি কতটা অমানবিক তা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ফুটে ওঠেছে।
রিজভী অভিযোগ করে বলেন, আমরা বারবার দেশনেত্রী অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এবং ব্যক্তিগত চিকিৎসকরা তাঁর কোন কোন বিষয়ে জরুরি চিকিৎসা দরকার সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানালেও সরকার এবং কারাকর্তৃপক্ষ সব সময় এড়িয়ে চলছে, এ বিষয়ে এখনও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।

তিনি বলেন, ঘটনা শোনার সাথে সাথে তাৎক্ষনিক বেগম খালেদা জিয়ার চিকিৎসার কোন ব্যবস্থা না করে বিষয়টি নিয়ে এখনও সরকার বা কারার্কতৃপক্ষ অবগত নয় বলে যে কথা বলা হয়েছে সেটি দেশনেত্রীর অসুস্থতাকে আরও গুরুতর করে তাঁকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়ার সুগভীর চক্রান্ত কিনা তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর গতকালের বক্তব্য দেশনেত্রীর চিকিৎসা নিয়ে টালবাহানারই নামান্তর। তিনি গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও এখনও তাঁকে তাঁর পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে ভর্তি না করে স্বরাষ্ট্রমন্ত্রী পিজি হাসপাতালের কথা বলছেন। দেশনেত্রীর ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশনেত্রীর যেসব পরীক্ষা নিরীক্ষার সুপারিশ করেছেন সেগুলো পিজিতে সম্ভব নয়। আধুনিক যন্ত্রপাতির সকল ব্যবস্থা ইউনাটেড হাসপাতালে রয়েছে। অতীতেও আওয়ামী লীগের সভানেত্রীসহ অনেক নেতাকে কারাগারে বন্দী থাকা অবস্থায় প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দ মতো চিকিৎসা করতে না দেওয়া একজন বন্দীর প্রতি চরম মানবধিকার লঙ্ঘন নয় কী ?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫