Skip to content

রেলযাত্রী প্রায় ৮ কোটি : সংসদে রেলমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, দ্রতগতিতে রেলওয়ের উন্নয়নে সরকার কাজ করছে। রেলওয়েতে উত্তরোত্তর যাত্রীসংখ্যাও বাড়ছে। যেখানে বিগত ২০১৩-১৪ অর্থবছরে ৬ কোটি ৪৯ লাখ যাত্রী রেলে যাতায়াত করেছিল, সেখানে ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৭৮ কোটি। রোববার জাতীয় সংসদে মুহম্মদ মিজানুর রহমানের (খুলনা-২) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা বৃদ্ধির ফলে রেলে যাত্রী পরিবহন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রেলওয়ের ২০১৩-১৪ অর্থবছরে যাত্রী সংখ্যা ছিল ৬ কোটি ৪৯ লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ৬ কোটি ৭৩ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ৭ কোটি ৮ লাখ এবং ২০১৬-১৭ অর্থবছরে ৭ কোটি ৭৮ লাখ যাত্রী যাতায়াত করেছে।

তিনি বলেন, রেলওয়েতে এখন প্রতিদিন ৮৮টি আন্তঃনগর ট্রেন, ১২৬টি লোকাল ট্রেন, ১৩২টি মেইল এক্সপ্রেস ও ডেমু ট্রেন এবং ৪টি আন্তঃদেশীয় ট্রেনসহ সর্বমোট ৩৫০টি ট্রেন পরিচালিত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর ২৭০টি কোচ এবং ইঞ্জিন আমদানির মাধ্যমে ইতোমধ্যে ১১৬টি নতুন ট্রেন প্রবর্তন করা হয়েছে। বর্তমানে আরো প্রায় ৭শ’টি কোচ এবং ইঞ্জিন আমদানি প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া ই-টিকেটিং এবং অনলাইন ব্যবস্থা প্রবর্তন করে যাত্রীদের টিকেট ক্রয় সহজ করা হয়েছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম দ্রুত গতির বুলেট ট্রেন, ঢাকা শহরের চারদিকে চক্রাকার ট্রেন চালুসহ নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রায় ১০টি নতুন প্রকল্প গ্রহণ এবং অনেকগুলোর সম্ভাব্যতা যাচাই কাজ সমাপ্ত হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। বাসস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫