মাসুদ পারভেজ চৌধুরী, কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: ট্রাক ভর্তি অবৈধ গজারী গাছ সহ দুইজনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ ব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে কাঠ পাচারকারী দলের মূল হোতা হারুন অর রশীদ ওরফে গজারী হারুন, ট্রাক চালক খোকন মিয়া (৩০) ও হেলপার বাবুল মিয়া (২৭) কে আসামী করে গতকাল সোমবার সকালে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বাড়ি কাপাসিয়া উপজেলার বাঘেরহাট গ্রামে।
জানা যায়, কাপাসিয়া বাজার রোডে গতকাল সোমবার ভোরে গজারী কাঠ ভর্তি একটি ট্রাককে বাজারের পাহারাদাররা আটক করে। পরে থানা পুলিশ এসে ট্রাক চালক খোকন মিয়া (৩০) ও হেলপার বাবুল মিয়া (২৭) কে ট্রাকসহ থানায় নিয়ে যায়।
এ সময় পাচারকারী দলের সদস্য হারুনের ভাতিজা কাওছার (২০) পালিয়ে যেতে সক্ষম হয়।
ট্রাক চালক জানায়, গত এক সপ্তাহে উপজেলার ভূলেশর গ্রামের সরকারী বন থেকে অবৈধ গজারী কাঠের ৩টি চালান মেঘনা ঘাট এলাকায় পাচার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত এসব অপকর্মের হোতা এই হারুন উপজেলার বিভিন্ন সরকারী গজারী বন থেকে রাতের আঁধারে হাজার হাজার গাছ কেটে বন উজার করে অন্যত্র পাচার করছে। তার দলের আরো সহযোগী রয়েছে। এরা হলো দেওনা গ্রামের কাসেম, বাঘিয়া গ্রামের আব্দুল বারেক, মৈশন গ্রামের বাবুল, জুয়েল। এরা প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবত সরকারী বন থেকে রাতের আধারে অবৈধ গজারী গাছ কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে।
এ ব্যাপারে গোসিংগা বিট অফিসার সিদ্দিকুর রহমান জানান, আটককৃত গজারী কাঠের বৈধতা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সম্প্রতি বন এলাকায় বন প্রহরীদের টহল জোরদার করলে হারুন ও তার লোকজন আমাদেরকে ভূলেশর এলাকায় মারধর করতে উদ্যত হয় এবং প্রাণ নাশের হুমকী দেয়।
কাপাসিয়া থানার (অপারেশন) ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, আটককৃত গজারী কাঠের ব্যাপারে এএসআই আজিবুর রহমান বাদী হয়ে বন আইনের সংশোধিত ধারায় ৩ জনকে আসামী করে মামলা {১৩(৬)১৮} দায়ের করা হয়েছে
উল্লেখ্য, এক সময় কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভূলেশ^র, বড়হর, শাহাবিদ্যার কোর্ট, দরদরিয়া, বাগেরহাট, টোক ইউনিয়নের উলুসারা, তরগাঁওয়ের বাঘিয়া, দেওনা, কড়িহাতা ইউনিয়নের পেঁচুরদিয়া, পাকিয়াব, তরুন, বারিষাব ইউনিয়নের লোহাদী, বারাবসহ আশপাশের বিভিন্ন মৌজায় প্রচুর সরকারী গজারী বন ছিল। বর্তমানে এসব বন উজার হওয়ার পথে। এলাকাবাসীর অভিযোগ, কাপাসিয়ার বন উজারের মূলহোতা বনখেকো হারুন ও তার সহযোগীরা ইতিপূর্বে বহুবার গজারী গাছসহ আটক হলেও অদৃশ্য শক্তির কারণে পার পেয়ে যাচ্ছেন।
কাপাসিয়ায় অবৈধ গজারী গাছ ভর্তি ট্রাকসহ আটক দুই
আপডেট :June 12, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
