Skip to content

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ৭৫টি আবেদনের মধ্যে ৭৩টিই নাকচ

স্টাফ রিপোর্টার ॥
নিবন্ধনের জন্য নতুন ৭৫টি নতুন রাজনৈতিক দলের আবেদন পাওয়া গেছে। যারমধ্যে ৭৩টিই নাকচ হয়ে গেছে। মাত্র ২টি রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।

সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান। সরকারি দলের নিজাম হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪০টি। নতুন দলের প্রাপ্ত ৭৫টি আবেদনের মধ্যে ৭৩টি নামঞ্জুর রয়েছে। দুটি আবেদনে অধিকতর যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।

ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের কাজের সুবিধার জন্য পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি ব্যবহার করছে। আদালত, দুর্নীতি দমন কমিশন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, মোবাইল অপরেটরস, ভূমি প্রশাসন, চাকরিদাতা প্রতিষ্ঠান, ইউটিলিটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, পাসপোর্ট কর্তৃপক্ষ, কর ও রাজস্ব কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ির মালিকসহ সামাজিক ও ব্যক্তিগত সর্বক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা সম্ভব হবে। ব্যক্তিগতভাবে নাগরিকের সঠিক ও নির্ভুল পরিচয় নিশ্চিত হবে। এছাড়া মানি লন্ডারিং, জঙ্গি তৎপরতা, অপরাধী শনাক্তকরণে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আনোয়ারুল আজীমের (আনার) প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমানে ১৩ কোটি ৯২ লাখ (৮৭ শতাংশ) মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে। বাকি ১৩ শতাংশ মানুষ দূরবর্তী অন্যান্য নিরাপদ উৎস থেকে পানি সংগ্রহ করে থাকে। মন্ত্রী জানান, দেশের ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতাভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ উন্নত-ল্যাট্রিন, ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন ও ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।
সানজিদা বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে রাজধানীর পানির চাহিদা দৈনিক ২৩০ থেকে ২৩৬ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা দৈনিক ২৪৫ কোটি লিটার। ওয়াসার চলমান প্রকল্প চালু হলে ২০২১ সালের মধ্যে ঢাকার সুপেয় পানির চাহিদার ৭০ ভাগ ভূ-উপরোস্থ পানি পরিশোধনের মাধ্যমে সরবরাহ করতে সক্ষম হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫