Skip to content

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফরে বড় ধরনের সহায়তা পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ॥
তিন দিনের সফরে আগামী কাল বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সফরে তিনি মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন। রোহিঙ্গাদের মানউন্নয়ণে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশকে বড় ধরনের অনুদানের ঘোষণা দিবেন জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানানোর পরই মূলত আন্তর্জাতিক ফোরাম ও দাতা সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর শুরু করেছেন বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র বলছে, যদিও বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলো। গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। একই সঙ্গে অন্যান্য দাতা সংস্থা ও দেশ যৌথভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে। বিশ্বব্যাংক বলেছে, ৫০ কোটি ডলার অনুদান দেবে রোহিঙ্গাদের পুনর্বাসনে। যদিও ওই অর্থ এখনও পায়নি বাংলাদেশ।

ঢাকার বিশ্বব্যাংক কার্যালয় সূত্র মতে, রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০ কোটি ডলার বা সমপরিমাণ ৮৫০ কোটি টাকা শিগগির পাওয়া যাবে। অনুদান হিসেবে এই অর্থ দেবে সংস্থাটি। কয়েক মাস আগে বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফরে আসার পর বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। এর পর একটি প্রতিবেদন তৈরি করে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংস্থাটি।

কূটনৈতিক সূত্র বলছে, এর আগে আন্তর্জাতিক দারিদ্র্য দিবস উপলক্ষে গত বছরের জুনে প্রথম ঢাকা সফর করেছিলেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি দিতে তখন ঢাকায় আসেন তিনি। ঢাকা সফরের প্রথম দিনেই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জিম ইয়ং কিম। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। অধশা করা হচ্ছে সফর শেষে ২জুলাই ঢাকা ত্যাগ করবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫