Skip to content

বার্নিকাট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারেন না : ইসি রফিকুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছিলেন। তার মন্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, মার্শা বার্নিকাট এই প্রশ্ন তুলতে পারেন না।

শনিবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, গণতন্ত্রের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন আছে। সিনেট কমিটি নির্বাচন নিয়ে তদন্ত করছে। সুতরাং, রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে কোনো অনিয়ম হয়নি দাবি করে তিনি বলেন, রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনেরই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখানে গতবারের মতই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে নিরাপত্তার স্বার্থে রাজশাহীর বেশ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। এছাড়া খুলনা ও গাজীপুরের ধারাবাহিকতায় রাজশাহী সিটি করপোরেশনে ছয়টিরও বেশি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থাই নেওয়া হবে।

এর আগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দল, মত ও ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে রাসিক নির্বাচনে নির্বাচনে কাজ করে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন ইসি রফিকুল ইসলাম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫